ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভূমধ্যসাগরে মৃত ৮ জনের লাশ পরিবারে হস্তান্তর

ইউরোপীয় দেশে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ বাংলাদেশির লাশ স্বজনের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে তাদের প্রাণহানি ঘটে। শুক্রবার (৩ মে) বিকালে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরানের উপস্থিতে বিমানবন্দর থানা পুলিশ মরদেহগুলো হস্তান্তর করেন।


এই ঘটনায় মামলার আইও বিমানবন্দর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন।নিহতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর থানার সেনদিয়া গ্রামের সজল বৈরাগী (২২), একই থানার কদমবাড়ি গ্রামের মৃত পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (১৮), সরমঙ্গল গ্রামের মামুন শেখ (২৪), কোদালিয়া গ্রামের কাজী সজীব (১৮), কেশরদিয়া গ্রামের তোতা খলিফার ছেলে কায়সার খলিফা (৩৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দাদন শেখের ছেলে রিফাত শেখ (২৪), একই থানার পদ্মপট্টি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে রাসেল শেখ (২৫) এবং পদ্মাপট্টি গ্রামের পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন (২৩)।


এসআই জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা হয়েছে। নিহতদের মরদেহ বৃহস্পতিবার (২ মে) দুপুরে সৌদি এয়ারলাইন্সে ঢাকায় পৌঁছায়।


এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, দেশের বাইরে মরদেহগুলো ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরই দেশে এসেছে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান, ফরেনসিক চিকিৎসক প্রভাষক ডা. ফাহমিদা হকসহ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহগুলোর আলামত ও কাগজপত্র যাচাই-বাছাই করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑